
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সরবরাহকৃত সকালের নাস্তার মান নিয়ে উঠেছে চরম অনিয়ম ও অবহেলার অভিযোগ। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডগুলোতে রোগীদের দেওয়া ডিম পঁচা এবং পাউরুটি ছত্রাকযুক্ত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ১০টার দিকে রোগীদের নাস্তায় ডিম, পাউরুটি ও কলা দেওয়া হয়। কিন্তু ডিমগুলো হাতে নিতেই দেখা যায় সেগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। অনেক ডিম ভেঙে ভেতরে বাচ্চার অস্তিত্ব এবং কালো দাগ পাওয়া যায়। একই সঙ্গে সরবরাহ করা পাউরুটিতেও ছিল ছত্রাকের স্তর।
হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ রোগী বলেন, “নাস্তায় ডিম আর পাউরুটি দিয়েছিল, কিন্তু ডিমে এতো গন্ধ আর ভেতরে বাচ্চা দেখে খাওয়ার রুচি চলে গেছে। বাধ্য হয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমরা কি এখানে সুস্থ হতে এসেছি নাকি আরও অসুস্থ হতে?”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, হাসপাতালের খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদার ও স্থানীয় একটি সিন্ডিকেটের প্রভাবে দীর্ঘ দিন ধরে এই অনিয়ম চলে আসছে। মাঝেমধ্যে দায়সারাভাবে তদন্ত হলেও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডিম পঁচা হওয়ার বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক প্রতিনিধি ঘটনাস্থলে আসলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এদিকে, নাস্তার মান নিয়ে রোগীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা বলছেন, সরকারি বাজেটে উন্নত মানের খাবার দেওয়ার কথা থাকলেও তাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এতে বিশেষ করে শিশু ও বৃদ্ধ রোগীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে এই অনিয়মের সাথে জড়িত সিন্ডিকেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় এনে হাসপাতালের খাবারের মান নিশ্চিত করা হোক।

