
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা
গাইবান্ধার আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পাম্প প্রাঙ্গণে ভিড় সামাল দিতে এবং সড়কে যানজট নিরসনে প্রশাসন ও পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে। মাইকিং করে সাধারণ মানুষকে অহেতুক ভিড় না করতে এবং উল্টোপথে গাড়ি না আনতে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এখন থেকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি কঠোরভাবে পালন করতে হবে। হেলমেট ছাড়া কোনো চালক তেল পাবেন না। শুধু হেলমেট নয়, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র এবং চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া জ্বালানি তেল সংগ্রহ করা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, এই নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট চালককে তেল না দিতে পাম্প কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাম্প কর্তৃপক্ষও প্রশাসনের এই অবস্থানের সাথে একমত পোষণ করে স্বচ্ছতার সাথে তেল বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, নিয়মিত তদারকির মাধ্যমে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী শৃঙ্খলা বজায় থাকবে।

