
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ক্লাস চলাকালীন একটি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি করে তারা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায়। তবে পলেস্তারাটি কক্ষের খালি জায়গায় পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ঘটনার সময় ষষ্ঠ শ্রেণির ‘ব’ শাখার পাঠদান চলছিল। হঠাৎ বিকট শব্দে ছাদের একটি বড় অংশের পলেস্তারা খসে মেঝের ওপর পড়ে। আকস্মিক এই ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ওই কক্ষের ক্লাস বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুস জানান, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকি থাকা সত্ত্বেও নিরুপায় হয়ে সেখানে ক্লাস নিতে হচ্ছিল। আজকের ঘটনার পর দ্রুত শিক্ষার্থীদের অন্য কক্ষে স্থানান্তর করা হয়েছে।
সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম ভূঁইয়া আক্ষেপ প্রকাশ করে বলেন, “২০০৪ সালে নির্মিত এই ভবনটির তিনটি কক্ষই বর্তমানে ব্যবহারের অনুপযোগী ও অকেজো হয়ে পড়েছে। আমরা স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত এই ভবনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।”
বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ভবনটি নিয়ে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত সংস্কার বা নতুন ভবনের দাবি জানিয়েছেন।
