
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ৫ দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব। নবী নগর মধ্য পাড়া যুব সংগঠন এবং হরি সংঘের পৃথক আয়োজনে এই উৎসবকে কেন্দ্র করে গত ২৪ মার্চ থেকে আজ ২৮ মার্চ শনিবার রাত পর্যন্ত মন্দির প্রাঙ্গণগুলোতে ছিল উৎসবের আমেজ।
নবীনগর মধ্যপাড়া যুব সংগঠনের উদ্যোগে শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। উৎসবের সার্বিক সাফল্যে বিশেষ উৎসাহ ও সহযোগিতা প্রদান করেছেন এসএসসি ৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, প্রবাসী এবং নবীনগর পৌর বাজারের ব্যবসায়ীরা। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় উৎসবটি এক মিলনমেলায় পরিণত হয়।
অন্যদিকে, হরিসভা মন্দির পূর্ব পাড়ায় বাসন্তী দুর্গোৎসবের আয়োজন করে ‘হরি সংঘ’। সংগঠনের সকল সদস্যের নিরলস পরিশ্রমে মন্দিরে পূজা ও ধর্মীয় আচারগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে পালিত হয়েছে।
উৎসব চলাকালীন দিনগুলোতে প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। পূজার প্রতিটি রাতে ছোট-বড়, যুবক-যুবতীসহ সকল বয়সের মানুষ মন্দিরে সমবেত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।
বিশেষ করে রাতে আরতি ও ঢাকের তালে তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত নাচ মণ্ডপের পরিবেশকে আরও আনন্দময় করে তোলে।
উৎসবের সমাপনী দিনে আজ শনিবার রাতে মণ্ডপগুলো পরিদর্শন করেন নবী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ। তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শনিবার রাতে শেষ হলো এই ৫ দিনের বর্ণাঢ্য আয়োজন, যা নবীনগরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের ঐতিহ্যকে আরও সুদৃঢ় করল।
