
নিজস্ব প্রতিনিধি :
আগামী ২১ এপ্রিল সারা দেশে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র যাচাইয়ে বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে ৮টি প্রাক-পরিদর্শন টিম গঠন করা হয়েছে।
আজ শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, একটি পরিদর্শন টিম ঢাকা মহানগরের রমনা, লালবাগ, মতিঝিল, মিরপুর, গুলশান, উত্তরা, তেজগাঁও এবং ওয়ারী জোনের কেন্দ্রগুলো পরিদর্শন করবে।
এছাড়া অন্য টিমগুলো ঢাকা জেলাসহ (মহানগর ছাড়া) মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার কেন্দ্রগুলো পরিদর্শন করবে। প্রতিটি জেলা থেকে কমপক্ষে ১০টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ড জানিয়েছে, গঠিত পরিদর্শন টিমগুলো আগামীকাল ২৯ মার্চ থেকে পরিদর্শন শুরু করবে এবং আগামী ১৩ এপ্রিলের মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করবে। পরিদর্শনকালে কর্মকর্তারা স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করবেন। স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি সভার কমপক্ষে ৫ মিনিটের ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে হবে।
আদেশে বলা হয়েছে, পরিদর্শন শেষে কর্মকর্তাদের প্রতিটি কেন্দ্র সম্পর্কে আলাদা আলাদা ও সুস্পষ্ট মতামতসহ একটি নির্ধারিত ছকে প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। প্রতিবেদনে কেন্দ্রের কক্ষ সংখ্যা, বেঞ্চের বিন্যাস, আসন ব্যবস্থা, নকল প্রতিরোধের প্রস্তুতি এবং উত্তরপত্র সংরক্ষণের পৃথক নিয়ন্ত্রণ কক্ষ আছে কি না— সেসব বিষয় বিশদভাবে উল্লেখ করতে হবে।
সূত্র : বাসস…

