
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহমান প্রকাশ কালু (৩০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল।
গ্রেপ্তার হওয়া আব্দুর রহমান উপজেলার চাঁনপুর গ্রামের সাফি উদ্দিনের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম খাটিংগা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আব্দুর রহমানকে তল্লাশি করে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া আব্দুর রহমানের বিরুদ্ধে থানায় আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে বিজয়নগর থানায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

