
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হলো। রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটোরিয়্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় আউশিয়া মোড় থেকে অনন্তবাদালশো এবং কাজীপাড়া মোড় থেকে চতুড়া মসজিদ পর্যন্ত সড়ক, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১২(বারো)টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন মোঃ আসাদুজ্জামান এমপি, মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শৈলকুপা পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং নাগরিকদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। গ্রামীণ ও শহুরে অবকাঠামোর উন্নয়নই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান, যাতে তারা অল্প সময়ের মধ্যেই এর সুফল ভোগ করতে পারেন।
উল্লেখ্য, এই উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক মানের সড়ক নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন করা হবে, যা শৈলকুপা পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

