
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া-লাঙ্গলবাধ সড়কের প্রশস্তকরণ, মজবুতিকরণ, কালভার্ট নির্মাণ ও বাক সরলীকরণ কাজের উদ্বোধন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার শেখপাড়া বাজারে ফলক উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এডভোকেট আসাদুজ্জামান বলেন, আইন মেনে শৈলকুপা উপজেলার শেখপাড়া-লাঙ্গলবাধ সড়কের প্রশস্তকরণ, মজবুতিকরণ, কালভার্ট নির্মাণ ও বাক সরলীকরণ কাজের জমি অধিগ্রহণ শেষ হয়েছে। যে সমস্ত জমির মালিকগন এখনো তাদের ক্ষতিপূরণের টাকা পাননি সকলকে অনুরোধ করছি আপনার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষতিপূরণ বুঝে নিন। শৈলকুপার উন্নয়ন কাজকে গতিশীল করতে সকলে সহযোগিতা করুন। শৈলকুপার উন্নয়নকে বাধাগ্রস্ত করার অপরাজনীতি করবেন না। অপরাজনীতির ঠাঁই বিএনপিতে হবে না।
সেসময় আরো উপস্থিত ছিলেন, সওজ খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশফেকুর রহমান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, উপ-সহকারী প্রকৌশলী অপূর্ব বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

