
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুই দফায় মোট ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত টানা চার দিন বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ (বৃহস্পতিবার) আরও একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নেসার আহমেদ ভূঁইয়া জানান, ছুটির বিষয়টি ইতোমধ্যে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। তবে তিনি নিশ্চিত করেছেন যে, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই সময়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানানো হয়, সরকারি ছুটি ও সাপ্তাহিক বন্ধ শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে পুনরায় বন্দরের নিয়মিত আমদানি-রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে।

