
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
গত ২৪ অক্টোবর শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ায় শেরপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা রাশেদুল ইসলামের গণসংযোগ কর্মসূচিতে একদল দুর্বৃত্ত সন্ত্রাসী হামলা চালায়। ওই হামলার প্রতিবাদে আজ ২৬ অক্টোবর (রবিবার) বিকেলে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের খোয়ারপাড় এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, শহরে থানার মোড়ে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করেন । এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা গণতন্ত্রের জন্য বড় হুমকি। মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় বিশ্বাসী এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন —
শেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোঃ রাশেদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক বিতর্ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভাপতির বক্তব্যে হাফেজ মোঃ রাশেদুল ইসলাম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করতে গিয়েছিলাম, কিন্তু কিছু দুষ্কৃতকারী আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনীতিকে বাধাগ্রস্ত করে। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের ভোট ও ভালোবাসায় বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। আমরা ভয়-ভীতির তোয়াক্কা না করে জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।

