
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ ও নগদ অর্থ অনুদান দিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম—বিপিজেএফ। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের নেতৃত্বে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এর আগে ইসলামী সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাস্টে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শরিফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিপিজেএফ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাগত মর্যাদা বৃদ্ধির পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সংগঠনটি।
তিনি বলেন, রমজান মাস ইবাদত ও মানবিকতার মাস। এ সময় বেশি বেশি ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। একই সঙ্গে সমাজের বিত্তবানদেরও নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বলেন, প্রতিবছরের মতো এবারও সংগঠনের সদস্যদের অর্থায়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

