
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহ কালীগঞ্জের হাজী আকবর আলী সুপার মার্কেটে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার সকাল ৬ (ছয়)টার দিকে মার্কেটের ‘নেহা ইলেকট্রিক’ নামে প্রতিষ্ঠানে এই আগুন লাগে। এতে দোকানে থাকার প্রায় ৩০ লহ্ম টাকার ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ দোকানের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান পাশের দোকানিরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের ভেতর থাকা বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার, সুইচ, বোর্ড, বাল্ব, ফ্যান ও সার্কিট ব্রেকারসহ সমস্ত মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়।
নেহা ইলেকট্রিকের স্বত্বাধিকারী সেকেন্দার আলী এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘সকালে পাশের এক দোকানির ফোনে জানতে পারি দোকানে আগুন লেগেছে। ছুটে এসে দেখি ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলেছে, কিন্তু আমার আর কিছুই অবশিষ্ট নেই। ৩০ লাখ টাকার মালামাল হারিয়ে আমি এখন পুরোপুরি নিঃস্ব।’
কালিগঞ্জ ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থানে পৌঁছে আগুন নির্বাপন করি। আমাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে।

