
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৭১ হাজার টাকা।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিযানের বিস্তারিত
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে এই অভিযানগুলো পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে বিজয়নগরের আমতলী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে জব্দ করা হয়:
৬০০ প্যাকেট ভারতীয় সিগারেট।
৮ হাজার ৫৬৬ পিস চকলেট।
৩৭৯ পিস সানগ্লাস।
২৬ হাজার ৩৫৮ পিস কসমেটিকস। মোট সিজার মূল্য: ২৮ লক্ষ ৭১ হাজার ৫৪০ টাকা।
অন্যদিকে, আলীনগর বিওপির একটি দল সীমান্ত থেকে ৪০০ গজ অভ্যন্তরে নোয়াবাদি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ কেজি গাঁজা এবং ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়া উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে, যা পরবর্তীতে নিয়মানুযায়ী ধ্বংস করা হবে।
”সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান রোধে বিজয়নগর, আখাউড়া ও মাধবপুর সীমান্ত এলাকায় বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

