
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন আঞ্চলিক কর কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। রাজধানীর ডিএনসিসি কার্যালয়ে আয়োজিত এ সভায় কর ব্যবস্থাপনা উন্নয়ন, রাজস্ব আদায় বৃদ্ধি এবং নগরসেবাকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণ এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে রাজস্ব আদায় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য কর কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কর আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং নগরবাসীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সেবার মান বাড়াতে হবে। এতে করে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময় সভায় ডিএনসিসির বিভিন্ন অঞ্চলের কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ এলাকার কর আদায় কার্যক্রম ও সমস্যা-সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে নগর উন্নয়ন ও সেবা কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

