
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্যক্তিগত জায়গার দাবি তুলে শত বছরের পুরোনো একটি যোগাযোগ সড়ক কেটে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে করে এলাকার স্বাভাবিক চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছে অন্তত তিন শতাধিক পরিবার।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই সড়কটি ব্যবহার করে এলাকাবাসী চলাচল করে আসছিল। হঠাৎ করে সড়কটি কেটে বন্ধ করে দেওয়ায় বিকল্প কোনো নিরাপদ পথ না থাকায় তারা দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক কোমলমতি শিক্ষার্থী। ঝুঁকি, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যেই প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হচ্ছে তাদের।
অভিভাবকদের অভিযোগ, সড়ক বন্ধ থাকায় শিশুদের দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসন তৎপর রয়েছে।”
এলাকাবাসী দ্রুত সড়কটি পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানিয়েছেন।

