
নিজস্ব প্রতিনিধি :
নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন মনিরুল ইসলাম সোহাগকে তাঁর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
ঘোষণায় জানানো হয়, মনিরুল ইসলাম সোহাগ সংসদ সদস্যের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মাঠপর্যায়ের কর্মকাণ্ড সুসংগঠিত করা এবং প্রয়োজনীয় সমন্বয় সাধনও তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।

এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্যের নির্দেশক্রমে বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে আশা প্রকাশ করে সংসদ সদস্য বলেন, মনিরুল ইসলাম সোহাগ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং ঢাকা-১৮ আসনের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে সহায়ক ভূমিকা রাখবেন।

