
সাইমন :
আজ বৃহস্পতিবার নান্দাইলের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সরকারি সফরের অংশ হিসেবে ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন।
মন্ত্রী মহোদয়ের আগমনে নান্দাইল প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এ সময় নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান বাবুল আনুষ্ঠানিকভাবে মন্ত্রী মহোদয়কে কোটপিন পরিয়ে দেন।
পরিদর্শনকালে প্রেসক্লাব কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবি সিদ্দিক খসরুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, সুশাসন ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে সরকার সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় স্থানীয় সাংবাদিকরা নান্দাইল প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, সাংবাদিক কল্যাণ ও স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন। মন্ত্রী মহোদয় মনোযোগ সহকারে এসব দাবি শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, নান্দাইলের কৃতি সন্তান হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর এ সফর সাংবাদিক সমাজকে নতুন করে অনুপ্রাণিত করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নান্দাইলের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থরক্ষায় তাঁর সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইয়াসের খান চৌধুরী নিয়মিতভাবে নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন, গণমাধ্যমের অগ্রগতি ও সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে কাজ করে যাচ্ছেন।

