
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য প্রযুক্তি সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “আমি কেবল বিএনপির এমপি নই, আমি তেরখাদা, দিঘলিয়া ও রূপসায় বসবাসকারী সকল মানুষের এমপি। আমাদের নেতা তারেক রহমান সারাদেশে ন্যায্যতা প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। আমি তেরখাদায় সেই ন্যায্যতা প্রতিষ্ঠা করে রূপসা ও দিঘলিয়ায় তা ছড়িয়ে দিতে চাই।”
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তেরখাদা উপজেলা পরিষদ কার্যালয়ে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান: এমপি আজিজুল বারী হেলাল অপরাধ দমনে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার অবস্থান আপসহীন। অপরাধী যদি নিজের দলের কিংবা আত্মীয়ও হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে।” তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উন্নয়ন ও পরিবেশ ভাবনা: উপজেলা চত্বরে বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন তিনি। সভায় তেরখাদাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন ও জনস্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে,প্রভাবশালী গোষ্ঠীর দখলমুক্ত করে প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করতে হবে,তেরখাদার পরিত্যক্ত জমি ও ভরাট খালগুলো পরিকল্পিতভাবে পুনঃখনন করে কৃষি ও মৎস্য খাতে বিপ্লব ঘটানো হবে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত খালের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন তিনি।
সভায় সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: সাইদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে বিকাল সাড়ে ৩টায় তিনি তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। দিনের শেষ কর্মসূচিতে তিনি ইখড়ি কাটেংগা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল গণইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
ইফতার মাহফিলে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ জেলা ও উপজেলা বিএনপি, জামায়াত এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

