
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধার যৌথ উদ্যোগে দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহের দায়ে মেসার্স সেতু ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং মেসার্স জে বি ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এছাড়া হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত জাহান তুলি। এ সময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম, সহকারী পরিচালক উত্তম কুমারসহ উপজেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

