
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রখ্যাত শিক্ষাবিদ, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার প্রাপ্ত ও নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম মাস্টার আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) সকাল ৯টা ১৫ মিনিটে আলীয়াবাদস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও সহস্রাধিক শিক্ষার্থী রেখে গেছেন। তাঁর এই মহাপ্রয়াণে নবীনগরের শিক্ষা অঙ্গনসহ পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ আসর নবীনগর পৌরসভার আলীয়াবাদ দক্ষিণ কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে আলীয়াবাদ দক্ষিণ কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত করা হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জানাজার নামাজে শরিক হতে নবীনগরের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতার প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
মোঃ তাজুল ইসলাম মাস্টারের অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। এক শোকবার্তায় তিনি বলেন, “তাজুল ইসলাম মাস্টার ছিলেন একজন আদর্শ শিক্ষাগুরু। নবীনগরের প্রাথমিক শিক্ষার উন্নয়নে তাঁর অবদান
চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এছাড়াও গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, নবীনগর প্রেসক্লাব, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতি।
একই সাথে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং নবীনগর নিউজ বাংলা টিভি পরিবার এই গুণী শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বক্তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

