
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন দায়িত্ব গ্রহণের পরপরই ছয় সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত করেন।
জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং নগরবাসীর সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত অন্যান্য প্রশাসকরাও একই প্রার্থনায় শরিক হন।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলাই হবে প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে সবার অংশগ্রহণে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর এই জিয়ারত কর্মসূচিকে অনেকে নতুন দায়িত্ব পালনের একটি শুভ সূচনা হিসেবে দেখছেন।

