
নিজস্ব প্রতিবেদক :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহ আলম-এর নিকট আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র জমা দিয়ে দায়িত্ব বুঝে নিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
আজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র জমা দেন এবং দায়িত্ব গ্রহণ করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে রাজধানীর উত্তর অংশের নাগরিক সেবা আরও গতিশীল ও জনবান্ধব করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসককে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের নেতৃত্বে সিটি কর্পোরেশনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
দায়িত্ব গ্রহণ শেষে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। তিনি রাজধানীর উত্তর অংশকে একটি আধুনিক, বাসযোগ্য ও সেবাবান্ধব নগরীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।

