
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. আব্দুস সালামকে দায়িত্ব দিয়েছে সরকার।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত করপোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
এর আগে গত ১১ নভেম্বর তিনি তিন বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পান। ওয়াসায় এমডি হওয়ার আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং পরে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগতভাবে তিনি একজন অভিজ্ঞ প্রকৌশলী। প্রকৌশল বিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি দীর্ঘদিন ধরে নগর অবকাঠামো ও পানি সরবরাহ ব্যবস্থাপনা খাতে কাজ করেছেন।
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খানসহ খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

