
মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে যাওয়া একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জন জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, রোববার দিবাগত রাতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে গেলে গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকার মো. এমাদুল সিকদারের মালিকানাধীন ফিশিং ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারে মোট ১১ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৬ জনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের সবাই গলাচিপা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলে, ট্রলার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

