
নিজস্ব প্রতিনিধি :
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। শনিবার সকালে জাতীয় শহীদ মিনার-এ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ ও সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অসংখ্য বীর সন্তান ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তিনি আরও বলেন, ভাষা আন্দোলন কেবল ভাষার দাবিতে সীমাবদ্ধ ছিল না—এটি ছিল আত্মমর্যাদা, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। ভাষা শহীদদের চেতনা আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিকে সুদৃঢ় করেছে।
তিনি উল্লেখ করেন, বাংলা ভাষা আজ বিশ্বব্যাপী মর্যাদার আসনে অধিষ্ঠিত। তবে রাষ্ট্রের সর্বস্তরে বাংলার কার্যকর ও পূর্ণাঙ্গ প্রয়োগ এখনো সময়ের দাবি। প্রশাসন, বিচারব্যবস্থা, শিক্ষা ও গণমাধ্যমসহ সব ক্ষেত্রে বাংলার ব্যবহার আরও বিস্তৃত করতে হবে বলেও তিনি মত দেন।
সংগঠনের উপদেষ্টা আওরঙ্গজেব কামালবলেন, সাংবাদিক সমাজ সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে—যার শিকড় নিহিত রয়েছে ভাষা আন্দোলনের চেতনায়। তিনি বলেন, সাংবাদিক সমাজ সবসময় স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষায় সোচ্চার থাকবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নৈতিক ও পেশাগত দায়বদ্ধতার অংশ।
ভাষা আন্দোলনের মাধ্যমে জাতির যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল—একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা—তা এখনো সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। তিনি তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য গভীরভাবে জানার আহ্বান জানান।
যুগ্ম সম্পাদক সানাউল্লাহ ভূইয়া বলেন, ৫২’র ভাষা আন্দোলন আমাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করেছে এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের পথ সুগম করেছে। আজও সর্বক্ষেত্রে বাংলার পূর্ণাঙ্গ প্রচলন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রিয়কমিটির ভাইস প্রেসিডেন্ট এ মন্নান, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ ইদি আমিন এপোলো, মোঃ মাসুম বিল্লাহ সুমন,মোঃ ওবায়দুল ইসলাম, মোঃ আজহার আলী, আব্দুল মান্নান ভূঁইয়া, মোঃ ইউনুস আলী, মোঃ হেকমত আলী, মাসুদ পারভেজ, মোঃ আজিজ প্রধান, এস এম মনিরুজ্জামান, কোহিনুর বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ বলেন, ভাষা শহীদদের রক্তঋণ কখনো শোধ হওয়ার নয়; তাঁদের আদর্শ ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই এগিয়ে যাবে জাতি।

