
মাসুম বিল্লাহ-খুলনা :
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, অসাধু সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে খুলনায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে ‘খুলনা নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাস সংযম ও ইবাদতের মাস হলেও একশ্রেণির মুনাফালোভী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল, চিনি থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম গত এক সপ্তাহে কয়েক দফা বেড়েছে। বক্তারা অনতিবিলম্বে বাজার মনিটরিং জোরদার এবং অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সরদার আবু তাহের (নির্বাহী সম্পাদক, দৈনিক জন্মভূমি),এইচ এম আলাউদ্দিন (ব্যুরো প্রধান, দৈনিক কালের কণ্ঠ),এস এম চন্দন (সিপিবি নেতা),অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান,সাংবাদিক ওয়াহিদ মুরাদ এবং নিরাপদ খুলনা চাই-এর সভাপতি সরদার বাদশা প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “বাজারে প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় প্রতি বছর রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নি¤œ ও মধ্যবিত্ত মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।” তারা সরকারের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি দ্রব্যমূল্য স্থিতিশীল না হয়, তবে খুলনার আপামর জনসাধারণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা গোয়েন্দা নজরদারি বাড়ানোর মাধ্যমে প্রতিটি বাজারের মূল্য তালিকা প্রদর্শন এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দোষীদের জেল-জরিমানা করার জোর দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ জানান, বর্তমানে বাজারে গরুর মাংস, খাসির মাংস এবং সবজির দাম সাধারণের নাগালের বাইরে চলে গেছে। বিশেষ করে ইফতার সামগ্রীর প্রধান উপকরণগুলোর দাম বৃদ্ধিতে তারা ক্ষোভ প্রকাশ করেন।

