
নিজস্ব প্রতিবেদক :
তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত নতুন সরকারে নান্দাইলের দুই কৃতি সন্তান অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয়ভাবে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে। নতুন সরকারের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব ইয়াসের খান চৌধুরী এমপি, পাশাপাশি প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম। এ উপলক্ষে নান্দাইলবাসী তাঁদের অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন।
স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে নান্দাইল উপজেলা থেকে নির্বাচিত ও মনোনীত প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের তালিকায় রয়েছেন—মরহুম নুরুল আমিন, জনাব মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম আরসিডিএস, পিএসসি, জনাব ইয়াসের খান চৌধুরী এমপি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম। ইতিহাস বলছে, এ অঞ্চল থেকে মন্ত্রী পদে আসীন হলে সরকারের মেয়াদ খুব দীর্ঘ না হওয়ার নজির রয়েছে—যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
স্থানীয়রা মনে করেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই কালক্ষেপণ না করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, যুবসমাজ ধ্বংসকারী সর্বগ্রাসী মাদক ও জুয়ার লাগাম টানা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন সময়ের দাবি। নান্দাইলবাসীর প্রত্যাশা—নতুন দায়িত্বপ্রাপ্তরা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবেন এবং গণমানুষের সামগ্রিক কল্যাণে কথা বলার স্বাধীনতা নিশ্চিত করবেন।

