
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর~পলাশবাড়ী) আসনে পরাজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
রবিবার ১৫ই ফেব্রুয়ারী বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক বার্তায় তিনি বলেন, নির্বাচনে ১ লাখ ৩৯ হাজার ৮’শ ৬৪ ভোট পেলেও জয়ী হতে পারেননি। তবুও যারা তাকে ভোট দিয়েছেন,দলীয় নেতা-কর্মী,সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জনগণের রায়কে সম্মানের সঙ্গে মেনে নেয়ার কথাও জানান।
ডা. সাদিক বলেন,গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত।
তিনি ভবিষ্যতেও সাদুল্লাপুর~পলাশবাড়ীর মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মানুষের আস্থা ও ভালোবাসা তার রাজনৈতিক পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য,আসনটির চূড়ান্ত ফলাফলে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৪’শ ৫৭ ভোট পেয়ে ২২ হাজার ৫’শ ৯৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

