
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে আটটি স্টলে শতাধিক পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। এদিকে এ পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় ভিন্নধর্মী আনন্দ ও উৎসবমুখর পরিবেশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা বালা মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক শাহীন মৃধা, পরিচালক সিরাজুল ইসলাম এবং আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক অভিজিৎ রায়।
কলেজ প্রতিষ্ঠার দুই দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই প্রথম বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজন বলে জানান আয়োজকেরা।
উৎসবে জামাই পিঠা, বউ সুন্দরী, পাতা নকশি, হৃদয়হরণ, মালাই রোল, কোমড়া পিঠা, চিতই পিঠা, ফুল পিঠা, ঝিনুক পিঠা, দুধচিতই, ডিম সুন্দরী, রেশমি, পাঁপড়ি, সন্দেশ পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল বসে।
পিঠা উৎসব উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়।

