
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে ধানের শীষের বিজয় মিছিলে জনসমুদ্র সৃষ্টি হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করার পর আজ (১৪ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে এই আনন্দ মিছিল বের করা হয়।
যুবসমাজ ও ইতালি প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক আলতাফ হোসেন বশিরের নেতৃত্বে বের হওয়া এই বিজয় মিছিলটি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
জনসমুদ্রের জোয়ার মিছিলে ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন এবং ধানের শীষ হাতে সাধারণ মানুষের উপস্থিতি পুরো এলাকাকে একটি মিলনমেলায় পরিণত করে।
স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘ ১৭ বছর পর বিদ্যাকুটের মাটিতে ধানের শীষের এই বিজয় তাদের জন্য অত্যন্ত আবেগের। মিছিল চলাকালীন জনমনে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মিছিলে আগত জনতাকে অভিবাদন জানিয়ে আলতাফ হোসেন বশির বলেন, “এই জয় জনগণের জয়। বিদ্যাকুটের মানুষ আজ প্রমাণ করেছে তারা পরিবর্তনের পক্ষে। আমরা ঐক্যবদ্ধভাবে এই ইউনিয়নের উন্নয়ন ও শান্তি বজায় রাখব।”
উৎসবমুখর পরিবেশ
বিকেল গড়াতেই পাড়া-মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্দিষ্ট স্থানে জড়ো হন।
স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। মিছিলে অংশ নেওয়া সাধারণ নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে।
বিজয় মিছিলটি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে ছিল।

