
নিজস্ব প্রতিনিধি :
আর মাত্র একদিন পর শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। মাঠ পর্যায়ের জরিপ ও বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে কিছু সন্দেহজনক তথ্য, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।
গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা পর্যবেক্ষণ করে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, প্রশাসনের উচ্চপর্যায়ে নির্দিষ্ট রাজনৈতিক ঘরানার প্রভাব রয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনিক কাঠামো এমনভাবে সাজানো হয়েছে, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে।
বিশ্লেষকরা আরও বলছেন, বড় রাজনৈতিক দল বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইলেও মাঠপর্যায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভোটকেন্দ্রে বোরখা পরিহিত নারীদের উপস্থিতি নিয়ে বিতর্ক। অনেক ভোটারের আশঙ্কা, যথাযথ যাচাই না হলে বোরখার আড়ালে জাল ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
এছাড়া ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশে বিলম্ব নিয়েও সংশয় প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গণনা করে দ্রুত ফলাফল প্রকাশ করা না হলে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।
সাধারণ ভোটারদের একাংশের দাবি, বোরখা পরিহিত ভোটারদের ক্ষেত্রে আলাদা কক্ষে পরিচয় যাচাই নিশ্চিত না করলে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। এসব কারণে এবারের নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা।

