
মাসুম বিল্লাহ-খুলনা :
আজ (০৪ ফেব্রুয়ারি) বুধবার স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) জানিয়েছেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই নিশ্চয়তা প্রদান করেন।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচন নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই এবং প্রস্তুতির মান অত্যন্ত সন্তোষজনক। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে:
নির্বাচনের দিনসহ আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। নির্বাচনে প্রায় ৭ লাখেরও বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। যার মধ্যে রয়েছে,১ লাখ সেনাবাহিনী,৫ হাজার নৌবাহিনী,১ লাখ ৫০ হাজার পুলিশ,৩৭ হাজার বিজিবি,৯ হাজার র্যাব,৫ লক্ষাধিক আনসার সদস্য।এছাড়াও কোস্টগার্ডের ৪ হাজার সদস্য নিয়োজিত থাকবেন।
প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা থাকবে। এছাড়াও নজরদারির জন্য ড্রোন এবং তল্লাশির জন্য ডগ স্কোয়াড ব্যবহার করা হবে।
উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, নির্বাচনের পরে কোনো ধরনের সহিংসতা হবে না। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবসময় সহযোগিতা করে থাকেন। দেশের স্বার্থে সঠিক সংবাদ পরিবেশন করবেন।” তিনি সতর্ক করে দেন যে, দুই-একজনও যদি ভুল বা মিথ্যা সংবাদ প্রচার করেন, তবে পরিস্থিতির অবনতি হতে পারে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান এবং খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও এই সভায় অংশ নেন।

