
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ রানু আক্তার (২৭) বাদী হয়ে
নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা রানু আক্তারের সাথে তাঁর প্রতিবেশী মনির হোসেন (৬৫) ও লাভলী বেগমের (৪৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
আজ ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে বিবাদীরা রানু আক্তারের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
একপর্যায়ে বিবাদীরা ঘরের দরজা-জানালা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে
ব্যাপক ক্ষতি সাধন করেন।
রানু আক্তার বাধা দিতে গেলে বিবাদীরা লাঠি দিয়ে পিটিয়ে এবং কিল-ঘুষি মেরে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম সহ গলায় থাকা সোনার চেইন নিয়ে গেছে।
এসময় স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীরা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে নবীনগর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
এ ঘটনায় রানু আক্তার গতকাল বিকেলে নবীনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন।
ভুক্তভোগী রানু আক্তার বলেন, “বিবাদীরা অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির লোক। তারা প্রায়ই আমার ওপর অন্যায় অত্যাচার করে। এদিন তারা ঘরে ঢুকে আমাকে মারধর করেছে এবং মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে।
আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
নবীনগর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

