
মো. আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি :
ভোটের অধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে অধিকার আদায়ে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, সেই অধিকার যেন কোনো ষড়যন্ত্রে নস্যাৎ না হয়,সে দায়িত্ব আমাদের সবার।উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক লোককে ভোট দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে জয়দেবপুর রাজবাড়ী মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাত পৌণে বারটায় তিনি মঞ্চে উঠলে জনসমুদ্রে রূপ নেয় পুরো মাঠ। বিকাল থেকেই রাজবাড়ী মাঠ ও আশপাশের এলাকা লাখো নেতাকর্মী ও সমর্থকে লোকারণ্য হয়ে পড়ে।
তারেক রহমান তার বক্তব্যে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, এই প্রার্থীরা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলে গাজীপুরের উন্নয়ন আরও গতিশীল হবে। তিনি ধানের শীষে ভোট দিয়ে গাজীপুরের পাঁচ আসনের প্রার্থীদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিক রপ্তানি বাড়ানো হবে, গার্মেন্টস শিল্পের প্রসারে নতুন উদ্যোগ নেওয়া হবে। খেটে খাওয়া মায়েদের জন্য চালু করা হবে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য থাকবে কৃষক কার্ড। নারী শ্রমিকদের শিশুদের জন্য ডে-কেয়ার, শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসন, শিশুদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি চিলাই–বালু নদী ও খাল দখলমুক্ত করা এবং জয়দেবপুর ফ্লাইওভারসহ অবকাঠামোগত উন্নয়নের কথাও তুলে ধরেন তারেক জিয়া।
নিজের শৈশব ও কৈশোরের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, “গাজীপুরে আমার শৈশব কেটেছে। রাজবাড়ী মাঠের পাশে ছোটবেলায় পরিবারের সঙ্গে থেকেছি, খেলাধুলা করেছি। তাই এই এলাকার মানুষের প্রতি আমার আলাদা দায়বদ্ধতা আছে। তাদের কাছেও ধানের শীষে ভোটের দাবি আছে।
তিনি বলেন, স্বৈরাচার বিদায় হয়েছে, এখন সময় দেশের ভাগ্য পরিবর্তনের জন্য “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”
ধর্মীয় ও নৈতিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাহাজ্জুদ আদায় করে ভোট কেন্দ্রে গিয়ে জামায়াতে অংশ নিয়ে ফজর আদায় করে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের ঐক্যই গণতন্ত্র ও টেকসই উন্নয়নের একমাত্র পথ বলেও মন্তব্য করেন তিনি।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। সমাবেশে মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

