
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের জাতীয় নির্বাচন নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে নতুন যাত্রার সূচনা হয়েছে, তাতে এই নির্বাচনের প্রতি সাধারণ মানুষের অনেক প্রত্যাশা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড বস্তি ও ৭ নম্বর ঘাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমরা কাজ করছি। আমাদের নেতা তারেক রহমান একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ার পরিকল্পনা দিয়েছেন। আমি খুলনাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করেন,তরুণদের চাকরির নিশ্চয়তা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। খুলনাকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে।নগরীর বস্তি এলাকার উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হবে।কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য তারেক রহমানের দেওয়া কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার এবং নগরীর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নের আশ্বাস দেন তিনি।
গণসংযোগকালে নজরুল ইসলাম মঞ্জু ভোটারদের উদ্দেশ্যে বলেন, “সমাজ থেকে দুর্নীতি উপড়ে ফেলতে হবে। ভয়ভীতি উপেক্ষা করে আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে শামিল হবেন।”
বিকেল থেকেই শিববাড়ি মোড় এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নজরুল ইসলাম মঞ্জু রাস্তার দুই পাশে অবস্থিত বিভিন্ন শোরুম, ব্যাংকের শাখা, বিমা অফিস এবং ছোট-বড় দোকানপাটে গিয়ে ব্যবসায়ী ও কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। তিনি তাদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আনোয়ার হোসেন,নজরুল ইসলাম মাহবুব হাসান পিয়ারু, সুলতান মাহমুদ সুমন, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, আল জামাল ভূঁইয়া, মারুফ আল রশিদ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

