
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা মহানগরীর ১৮ নং ওয়ার্ডে ২২ তলার সামনে থেকে শুরু করে ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচার ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সাবেক খুলনা মহানগর বিএনপির প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আসাদুজ্জামান মুরাদ।

খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে আয়োজিত এই গণসংযোগটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে গিয়ে ধানের শীষের লিফলেট পৌঁছে দেন। আসাদুজ্জামান মুরাদ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানান।
গণসংযোগকালে আসাদুজ্জামান মুরাদ বলেন,”সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ১৮ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
কর্মসূচিতে সুলতান মাহমুদ সুমন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ ভোটারদের মাঝেও এ সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আসাদুজ্জামান মুরাদের নেতৃত্বে এই গণসংযোগ নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

