
মোঃ গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আগামী দিনে বাংলাদেশে ধর্মীয় কোনো ভেদাভেদ থাকবে না। সকল ধর্মের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করা হবে। ধর্মের নামে কোনো বৈষম্য চলতে দেওয়া হবে না।
গত ২৩ জানুয়ারি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রূপসার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চ্যানেল আই-এর জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় আজিজুল বারী হেলাল সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন।
নারী অধিকার ও মাদক দমন:
নারীর নিরাপত্তা ও উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হেলাল বলেন, “নারী সমাজকে যথাযথ সম্মান ও নিরাপত্তা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।” তিনি বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। মাদক ও সন্ত্রাস দমনে তিনি পারিবারিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
ক্রীড়া ও সাংবাদিকদের উন্নয়ন:
ফিফা রেফারি মনির ঢালীর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া— এই তিন উপজেলায় তিনটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। একই সাথে উপজেলার খেলার মাঠগুলোর আধুনিকায়ন করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি রূপসায় একটি আধুনিক প্রেসক্লাব নির্মাণে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে।
দুর্নীতিমুক্ত ভূমি অফিস ও রাজনৈতিক সংগ্রাম:
ভূমি অফিসের দুর্নীতি নিয়ে আসা এক অভিযোগের প্রেক্ষিতে হেলাল সাফ জানিয়ে দেন, ভূমি অফিস হবে দালালমুক্ত। কোনো প্রকার অবৈধ আর্থিক লেনদেন ছাড়া সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিজের রাজনৈতিক জীবনের লড়াই ও কারাবরণ প্রসঙ্গে তিনি আবেগপূর্ণ কণ্ঠে বলেন, “চ্যালেঞ্জ মোকাবিলা ছাড়া নেতৃত্ব বিকাশ সম্ভব নয়। জেল-জুলুমের ভয় করলে রাজনীতি বা জনসেবা করা যায় না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”
উপস্থিত ব্যক্তিবর্গ:
অনুষ্ঠানে প্রশ্নকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হেলাল, মেডিকেল শিক্ষার্থী রাহুল, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি জয় নোটন বাড়ই, প্রধান শিক্ষক বিউটি পারভিনসহ শতাধিক সাধারণ মানুষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, তেরখাদা আহ্বায়ক চৌধুরী কাউসার আলী,জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, আনিসুর রহমান,জেলা বিএনপি নেতা শেখ আলী আজগর, এম এ সালাম, মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন,তাঁতিদল নেতা মাহমুদুল আলম লোটাস সহ জেলা ও উপজেলার বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

