
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিচালিত বিশেষ জরিপে নির্বাচনী সম্ভাবনা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। জরিপ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যদি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের সম্ভাব্য মিত্ররা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে।
জরিপ অনুযায়ী, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে বিএনপি ও সমমনা দলগুলো ২৫৫ থেকে ২৬০টি আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রাখছে। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশঙ্কার কথাও জরিপে উল্লেখ করা হয়েছে।
বিশেষ পর্যবেক্ষকরা বলছেন, এবারের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা, নির্বাচন পরিচালনার নীতিমালা এবং তথাকথিত ‘জুলাই যোদ্ধা’দের রাজনৈতিক অবস্থান নির্বাচনকে কোন দিকে নিয়ে যাবে—তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই বিষয়গুলো নির্বাচনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির জোট। বিভিন্ন সংবাদমাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে, জুলাই আন্দোলনে এনসিপির ভূমিকার কারণে ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় বিশেষ সুবিধা পাওয়ার আশায় এই জোট গড়ে উঠেছে—এমন ধারণা তৈরি হয়েছে জনমনে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
সব মিলিয়ে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটের মাঠে জনগণের রায় কোন দিকে যায় এবং আগামী দিনের বাংলাদেশ কোন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়।

