
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৮ আসনের অন্তর্গত খিলক্ষেত এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী প্রতীক ধানের শীষ–এর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন তাঁর সহধর্মিণী রাজিয়া সুলতানা। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই খিলক্ষেতের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় এই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে।
প্রচারণাকালে রাজিয়া সুলতানা স্থানীয় নারী ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক। এস এম জাহাঙ্গীর হোসেন একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা, যিনি নির্বাচিত হলে খিলক্ষেতসহ ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন।”
এ সময় তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যা—ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার, নিরাপদ পানি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতি—উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা হবে।
প্রচারণায় বিএনপির স্থানীয় নেতাকর্মী, মহিলা দল ও যুবদলের বিপুলসংখ্যক কর্মী অংশ নেন। তারা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেন। পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
স্থানীয় একাধিক ভোটার জানান, প্রার্থীর পরিবারের সদস্যদের সরাসরি মাঠে নেমে প্রচারণা চালানোয় তারা অনুপ্রাণিত হয়েছেন। তাদের মতে, এতে প্রার্থীর প্রতি মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা আরও বেড়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা দিন দিন আরও জোরদার হচ্ছে।

