
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় সংলগ্ন ফুটবল খেলার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
বৃহস্পতিবার দুপুর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ও সরাইলের আশপাশ এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা কুট্টাপাড়া মাঠে জড়ো হতে থাকেন।
ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সরাসরি সামনে দেখতে পেয়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশ শুরুর আগেই বিশাল এই মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের কথা বলার অধিকার থাকবে।” এসময় তিনি স্থানীয় প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন এবং আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে দেশ পুনর্গঠনে শরিক হওয়ার আহ্বান জানান।
জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা এই জনসভাকে সফল করার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানান। তারা বলেন, তারেক রহমানের এই শুভাগমন ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য এক অনন্য পাওয়া। এই জনসভা প্রমাণ করেছে যে, সাধারণ মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে এবং বিএনপির প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে।
উল্লেখ্য যে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই তারেক রহমান সড়কপথে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। সকালে সিলেটে প্রথম জনসভা শেষ করে মৌলভীবাজার ও হবিগঞ্জ হয়ে বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছান।

