
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা-১ থেকে গাইবান্ধা-৫ (আসন নং ২৯ থেকে ৩৩) পর্যন্ত মোট পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৩২ জন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসীম উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

