
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে মো. রাফি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের একটি স্থানীয় বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাফি ও তার কয়েকজন বন্ধু মিলে দুপুরে স্কুল প্রাঙ্গণে অবস্থান করছিল। একপর্যায়ে তারা নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অসাবধানতাবশত পা পিছলে রাফি ছাদ থেকে নিচে পড়ে যায়।
বিকট শব্দ শুনে স্থানীয়রা ও স্কুলের কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রাফির মৃত্যু হয়েছে।
অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় মারাত্মক আঘাত পাওয়াই মৃত্যুর প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।
নিহত রাফির বাড়ি শহরের মধ্যপাড়া এলাকায় বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
রাফির এক আত্মীয় বলেন, “ছেলেটা ঘুরতে বের হয়েছিল, কিন্তু এভাবে লাশ হয়ে ফিরবে তা কেউ কল্পনাও করেনি।”
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জন জাগরণ কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

