
আল হাফিজ-মোল্লাহাট (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে সরকারি খাল থেকে বালু উত্তোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার আটজুড়ী ইউনিয়নের চরকুলিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজের নিচ থেকে বালু উত্তোলনের আয়োজন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দা মহেন্দ্র রবি দাশ (পিতা: বিজয় রবি দাশ), সাং—হাড়ি দাহ, ইউনিয়ন—আটজুড়ী, থানা—মোল্লাহাট, জেলা—বাগেরহাট বলেন, তাঁর বাড়ি ব্রিজসংলগ্ন খালের কোল ঘেঁষে অবস্থিত। ওই স্থান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু হলে যে কোনো সময় ব্রিজসহ তাঁর বাড়ি দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১৩ জানুয়ারী(মঙ্গলবার) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের নিচে ড্রেজার মেশিন বসানো হয়েছে এবং বালু উত্তোলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয়রা জানান, বালু উত্তোলনে বাধা দিতে গেলে ড্রেজার মালিক ও সংশ্লিষ্টরা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।
এ বিষয়ে মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু-কে মুঠোফোনে অবহিত করা হলে তিনি বলেন,
“জনসাধারণের কোনো প্রকার ক্ষতি হয়—এমন কোনো কাজ হলে তাদেরকে নিষেধ করা হবে।”
তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না থাকলে বালু উত্তোলন বন্ধ করা কঠিন হবে। এতে ব্রিজ, আশপাশের বসতবাড়ি ও চরকুলিয়া বাজারের দোকানপাট মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, এখনই ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যার দায় এড়ানো সম্ভব হবে না।

