
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর-১ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই দিন বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় শফিকুল ইসলাম মাসুদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে কঠোর অবস্থান বজায় থাকবে।
উল্লেখ্য, শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি শেরপুর-১ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

