
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরের শ্রীবরদী উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আহমেদ আলী (৬৫)। তিনি উপজেলার মালাকোচা গ্রামের বাসিন্দা এবং প্রয়াত কানাই শেখের সন্তান।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে শ্রীবরদী উপজেলার বালিজুরী সদর বিটের অন্তর্গত ছোট বালিজুরী সংরক্ষিত বন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বনভূমিতে প্রবেশ করার সময় হঠাৎ একটি বন্য হাতির মুখোমুখি হন আহমেদ আলী। এ সময় হাতিটি তাকে আক্রমণ করে পায়ে পিষ্ট করলে তিনি মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়দের মতে, বন্য হাতির চলাচল বৃদ্ধি পাওয়ায় সংরক্ষিত বনসংলগ্ন এলাকার মানুষ চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, হাতির বিচরণকালে সীমান্ত সড়ক ও আশপাশের এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হচ্ছে। একই সঙ্গে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে ভিডিও ধারণ বা হাতিকে বিরক্ত না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বন্য হাতির আক্রমণে কেউ প্রাণ হারালে বা ফসলের ক্ষতি হলে সরকার নির্ধারিত ক্ষতিপূরণ বন বিভাগের মাধ্যমে প্রদান করা হয়।
এদিকে স্থানীয় বাসিন্দারা বন্য হাতির আক্রমণ রোধে কার্যকর ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

