
নিজস্ব প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ঢাকা–১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, খতমে কোরআন, ওয়াজ মাহফিল এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান হিসেবে কবুল করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।
মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। আপসহীন নেতৃত্ব, দেশপ্রেম এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আজীবন নিবেদিত ছিলেন। তার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আমি বিশ্বাস করি, তিনি কোটি মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।”
তিনি আরও বলেন—
“আজকের এই মিলাদ মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি দেশনেত্রীর প্রতি আমাদের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।”
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত সবাই দুই হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন মহান আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
উল্লেখ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে একজন সফল ও জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে বলে মনে করেন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

