
মাসুম বিল্লাহ-খুলনা :
দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খুলনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরবাদ নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের দিলখোলা মরিয়ম মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর প্রয়াণে দেশ এক অভিভাবককে হারিয়েছে। আজ সারা বাংলাদেশের মানুষ শোকাহত। খুলনার সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা তাঁর আত্মার শান্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।” তিনি আরও উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই আগামী দিনে জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা হয়ে থাকবে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,আসাদুজ্জামান মুরাদ,জাফরউল্লাহ খান সাচ্চু,অধ্যাপক আরিফুজ্জামান অপু,মনিরুজ্জামান মনি,নজরুল ইসলাম বাবু,ইউসুফ হারুন মজনু,শামসুজ্জামান চঞ্চল,শেখ জামিরুল ইসলাম জামিল,শমসের আলী মিন্টু,সুমন,মাজহারুল ইসলাম,আসিফ, শেখ বায়েজীদ, শাহিন, মিলন, জিয়াউর রহমান এবং মাসুম বিল্লাহ সহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা । মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বর্তমানে সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

