
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট:
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ইং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি-অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আজ তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় পুরো পরিবেশে উৎসবমুখর আবহ বিরাজ করে। নেতাকর্মীদের স্লোগান ও ভালোবাসায় মুখরিত হয়ে এলাকা।
মনোনয়নপত্র দাখিল শেষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সকলের দোয়া ও ভালোবাসা চাই। ইনশাআল্লাহ, লালমনিরহাট-৩ আসনের সকল মানুষকে সঙ্গে নিয়েই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী লালমনিরহাট গড়ে তুলব।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে লালমনিরহাট-৩ আসনের মানুষ যেসব সমস্যা ও বঞ্চনার শিকার হয়েছেন, সেগুলোর সমাধানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে থেকেই তার রাজনীতি অব্যাহত থাকবে।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে লালমনিরহাট-৩ আসনে পরিবর্তনের নতুন অধ্যায় সূচিত হবে।

