
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে চূড়ান্ত দলীয় মনোনয়ন লাভ করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা জনাব নুরুল হক নূর। এই মনোনয়ন প্রাপ্তিতে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
এ উপলক্ষে গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সামিউল ইসলাম এক বিবৃতিতে বলেন, এই মনোনয়ন শুধু একজন ব্যক্তির নয়, বরং সাঘাটা–ফুলছড়ির গণমানুষের অধিকার, প্রত্যাশা ও ভালোবাসার প্রতিফলন। তিনি এই অর্জনের জন্য জেলা, উপজেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সাঘাটা ও ফুলছড়ির অগণিত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনের কারণেই আজ এ পর্যন্ত আসা সম্ভব হয়েছে। এমপি হওয়া বা না হওয়া সবকিছুই মহান আল্লাহর তকদিরের ওপর নির্ভরশীল। তবে মানুষের ভালোবাসা নিয়ে এই পথচলায় অংশ নিতে পারাটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
মোঃ সামিউল ইসলাম তাঁর বক্তব্যে আরও বলেন, ছোট-বড় সকলের কাছে বিনীত অনুরোধ—যদি তাঁর প্রতি কারো কোনো রাগ, ক্ষোভ, অভিমান, সমালোচনা কিংবা বিদ্বেষ থেকে থাকে, তবে আল্লাহর ওয়াস্তে যেন সবাই ক্ষমা করে দেন। তিনি বলেন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, ততদিন মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে থাকতে চান। কারণ ক্ষমাশীল ব্যক্তিকেই আল্লাহ তায়ালা পছন্দ করেন।
সবশেষে তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সাঘাটা–ফুলছড়িবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, আপনাদের নিঃস্বার্থ একটি করে ভোটের মাধ্যমেই ইনশাআল্লাহ বিজয়ের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

