
আশরাফুল আলম সরকার-বিশেষ প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থী হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা প্রদান শেষে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
“গাজীপুর–৩ আসনে আজ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা নির্বাচনের মাঠে নেমেছি।”
তিনি আরও বলেন,
আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চাই। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে জনগণ অবশ্যই যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থীকে নির্বাচিত করবে—এ বিষয়ে আমি দৃঢ়ভাবে আশাবাদী।”
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন এলাকা। শান্তিপূর্ণভাবে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।
স্থানীয় বিএনপি নেতারা জানান, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। এলাকায় তার গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা তাকে এই আসনের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে তারা দাবি করেন।
উল্লেখ্য, গাজীপুর–৩ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী তৎপরতা আরও গতিশীল হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

